
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছে পূবালী ব্যাংক পিএলসি’র ছমির মুন্সির হাট শাখা।
মঙ্গলবার সকালে সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুম।
এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র নোয়াখালী জোনাল হেড মো. সাইফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহাদাত আনচারী তিতুমীর, পূবালী ব্যাংক ছমির মুন্সির হাট শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল, সহকারী প্রধান শিক্ষক মো. আবু তাহের সেলিমসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে দুপুরে বেগমগঞ্জ উপজেলার লাউতলী উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসেও অনুরূপ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র নোয়াখালী হেড মো. সাইফুল ইসলাম, লাউতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোজ্জামেন হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাবেক অভিভাবক সদস্য মো. আবুল বাশারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
ব্যাংক কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পূবালী ব্যাংকের বিভিন্ন শাখার উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছমির মুন্সির হাট শাখার উদ্যোগে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের দুই শতাধিক চারা রোপণ করা হয়েছে।
তারা আরও জানান, পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী পূবালী ব্যাংকের সব শাখায় পর্যায়ক্রমে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে।
উল্লেখ্য, পূবালী ব্যাংক দেশের অন্যতম পুরোনো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ১৯৮৩ সালে ব্যাংকটি বেসরকারিকরণের পর থেকে সুনামের সঙ্গে গ্রাহকসেবা দিয়ে আসছে।