
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ইয়াবা সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া মোড়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনে খুরশিদ আলমের বসতঘরে খাটের ওপর বসে ইয়াবা সেবনের সময় তাঁদের আটক করে পুলিশ। সেনবাগ থানার এসআই আবদুল মান্নান সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁদের হাতেনাতে আটক করে। এ সময় মাদক সেবনের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর গ্রামের আবদুল মন্নান দফাদার বাড়ির আবদুল হনি মিয়ার ছেলে খুরশিদ আলম (৪২) এবং একই গ্রামের একরাম আলী ব্যাপারী বাড়ির আবদুল গফুর মিয়ার ছেলে মনির হোসেন (৩৫)।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে তাঁদের কারাগারে পাঠানোর জন্য সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।