👁 394 Views

নওগাঁর  আত্রাইয়ে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু  

 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের পারের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান ইসলাম উপজেলার রায়পুর মধ্যপাড়া গ্রামের প্রবাসী জামিরুল ইসলামের ছেলে ও মির্জাপুর মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, মির্জাপুর মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে দুপুরে ভবানীপুর-রায়পুর পারের ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিলেন রোহান। আর আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হঠাৎ ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শিক্ষার্থী রোহান ইসলাম গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে শিশুটির মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।