👁 436 Views

পলাশবাড়ীতে বিএনপির মেয়র প্রার্থী হিসাবে দৌড়ে আবুল কালাম এগিয়ে”

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের নাম স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে জোরালোভাবে আলোচিত হচ্ছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয়ভাবে একক প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আবুল কালাম আজাদকে এগিয়ে রাখছেন অনেকে। তাদের দাবি, সাংগঠনিক পরিচিতি, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং মাঠপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের কারণে তিনি দলের ভোট একীভূত করার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে রাজনৈতিক মাঠে সক্রিয় ছিলেন আবুল কালাম আজাদ। স্থানীয় বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলীয় কর্মসূচি, সভা-সমাবেশ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর উপস্থিতি রয়েছে বলে দলীয় নেতাকর্মীরা জানান।
স্থানীয় সমর্থকদের ভাষ্য, দলীয় সিদ্ধান্তে আবুল কালাম আজাদ একক প্রার্থী হলে নারী-পুরুষ উভয় ভোটারের কাছে তাঁর গ্রহণযোগ্যতা কাজে লাগতে পারে। বিশেষ করে দলীয় ভোট একক প্রার্থীর পক্ষে কেন্দ্রীভূত হলে নির্বাচনী মাঠে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তাঁরা।
এদিকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ নাগরিকদের সামনে পৌরসভার উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্ন পৌরসভা, নাগরিক সেবা সহজীকরণ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন বলে তাঁর সমর্থকদের দাবি।
 শেষ পর্যন্ত তৃণমূলের মতামত, প্রার্থীর জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা ও নির্বাচনী বাস্তবতা বিবেচনা করেই বিএনপির নীতিনির্ধারকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
পৌরবাসীর প্রত্যাশা— যিনি নাগরিক সমস্যা সমাধান, উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতার বাস্তব পরিকল্পনা দিতে পারবেন, ভোটের মাঠে তাকেই গুরুত্ব দেওয়া হবে।