
রবিউল হক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে কিশোর গ্যাংয়ের প্রভাব এবং এর মাধ্যমে সৃষ্ট বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার ১লা অক্টোবর সকালে চিলাহাটি জামে উলুম ফাজিল মাদ্রাসা মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি চিলাহাটিতে কিশোর গ্যাংয়ের প্রভাব বিস্তার নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি নীলফামারী জেলা পুলিশ সুপারের নজরে আসে। এরপর পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশ প্রশাসন এই সভার আয়োজন করেন।
চিলাহাটি জামে উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন “কিশোর গ্যাং প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে। কিশোরেরা যেন অপরাধী চক্রের প্রতি, মাদক ও অনলাইন আসক্তির দিকে না ঝুঁকে পড়ে, সেদিকে অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক পরিবেশে তাদের সম্পৃক্ত করতে হবে। অপরাধে জড়িত কিশোরদের আইনের আওতায় আনার পাশাপাশি সংশোধন ও পুনর্বাসনের উদ্যোগও জরুরি।”
অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন পুলিশের এমন সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি শিক্ষার্থীদের কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি নজর রেখে তাদের সঠিকভাবে পরিচালনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
পরিশেষে কিশোর গ্যাংয়ের প্রভাবে সৃষ্ট সামাজিক অপরাধ, পারিবারিক অশান্তি, মাদক ও অনলাইন জুয়ার আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিভিন্ন সচেতনতা মূলক দিক নিয়ে আলোচনা করা হয়।