👁 299 Views

শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বেড়াবাড়ী এলাকায় দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ উঠেছে। রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় কয়েকশ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বাধা দেওয়ায় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
​অভিযোগ সূত্রে জানা যায়, বেড়াবাড়ী এলাকার বাসিন্দা আবুল হোসেনের দলিলকৃত জমির ওপর দিয়ে প্রায় ২০–২৫ বছর আগে জনচলাচলের জন্য একটি রাস্তা নির্মিত হয়। ইউনিয়ন পরিষদের অর্থায়ন ও সরকারি অনুদানে বিভিন্ন সময় সংস্কার হওয়া এই রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক গ্রামের মানুষ যাতায়াত করেন। ভুক্তভোগী আবুল হোসেনের অভিযোগ, প্রতিবেশী ওমর আলী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে রাস্তার প্রায় ১০–১২ ফুট অংশের মাটি কেটে নিয়ে গেছেন। এতে রাস্তাটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে।
​ভুক্তভোগী আবুল হোসেন জানান, “রাস্তা কাটতে বাধা দেওয়ায় অভিযুক্তরা আমাকে গালিগালাজ ও খুন-জখমের হুমকি দিচ্ছে। আমি নিরুপায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।” স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ও রহিমা বেগম জানান, রাস্তাটি কেটে ফেলায় রোগী ও বৃদ্ধদের নিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে এবং যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
​ এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ জানান, লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যদি এটি জনচলাচলের রাস্তা হিসেবে প্রমাণিত হয়, তবে দ্রুত প্রতিবন্ধকতা অপসারণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, “রাস্তা কাটা ও হুমকির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​দ্রুত জনদুর্ভোগ লাঘবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখন প্রশাসনের কার্যকরী হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *