
নওগাঁ প্রতিনিধি: সংগ্রাম আর না পাওয়ার বেদনাই যাদের নিত্যদিনের সঙ্গী, তাদের জীবনে আশার এক নতুন সূর্য উদিত হলো। নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর আন্তরিক প্রচেষ্টা এবং নীতিনির্ধারকদের তাৎক্ষণিক পদক্ষেপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন এক মেধাবী দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) রাতে গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিজে উপস্থিত থেকে ওই শিক্ষার্থীর হাতে নিয়োগপত্রটি তুলে দেন।
জানা যায়, সম্প্রতি নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের যুবক মোঃ শাকিল দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী নিজের অদম্য পড়াশোনা ও জীবনের নানা সংগ্রামের গল্প তুলে ধরেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর কাছে। শিক্ষার্থীর শিক্ষাজীবন ও তার নাছোড়বান্দা মনোভাবের কথা শুনে গভীরভাবে অনুপ্রাণিত হন সংসদ সদস্য। এরপর তিনি কালক্ষেপণ না করে ওই শিক্ষার্থীকে নিয়ে সরাসরি যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।
তৃণমূলের একজন সাধারণ কিন্তু মেধাবী শিক্ষার্থীর এই কষ্টের কথা শুনে সর্বোচ্চ গুরুত্ব দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনা অনুযায়ী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় মাত্র সাত দিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই শিক্ষার্থীর একটি সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।