👁 216 Views

 নওগাঁর মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৬ লাখ টাকা ও ৭ ভরি সোনা ছিনতাই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামের এক স্বর্নকারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থেকে ৬ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। সোমবার দিবাগত রাত সোয়া ৮টার দুলালপাড়া তার নিজ বাড়ির গলিতে পৌঁছালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাত সোয়া ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অলিফ চন্দ্র দত্ত মহাদেবপুরের দুলাল পাড়া গ্রামের মৃত সুনিল চন্দ্র দত্তের ছেলে এবং কাসা পট্রি এলাকার একটি সোনার দোকানের মালিক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৮টার দিকে মহাদেবপুর বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন অলিফ চন্দ্র দত্ত। বাড়ির গলিতে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর কাছে থাকা ৬ভরি সোনা এবং ৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে চিৎকার করলে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টা দিকে তাঁর মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় কারা জড়িত এবং ঠিক কি কারণে তাঁকে হামলা করে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। রাজপাড়া থানার পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের ব্যবস্থা করছে।  এ ঘটনায় হত্যা মামলার নথিভুক্ত ও তদন্ত কাজ চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *