👁 123 Views

সেনবাগে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা, কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ ও গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী  প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা, যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং গ্রাম পুলিশের সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সেনবাগে পৃথক এসব কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র ও বাইসাইকেল বিতরণ করেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
এ সময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্নকারী ৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনে সহায়তার জন্য গ্রাম পুলিশের সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাদিয়া আফরোজ, আরএমও কামাল উদ্দিন, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রহিম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব ও চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, পৌরসভা বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্লাহ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং গ্রাম পুলিশের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হলে স্থানীয় পর্যায়ে জনসেবা আরও গতিশীল হবে। একই সঙ্গে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *