
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনায় নিখোঁজের সাতদিন পর কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বস্তার ভেতরে মরদেহটি খণ্ড-বিখণ্ড অবস্থায় ছিল বলে জানা গেছে। নিহত কামরুন্নাহার কলি ওই গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাবার সঙ্গে বাড়িতে ফেরার পর বাড়ির পাশের দিকে যায় সে। এরপর সন্ধ্যা পেরিয়ে গেলেও কলি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে কিছুটা দূরে কলির পরিহিত স্যান্ডেল পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে শিশুটির বাবা পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের সাতদিন পর বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি নিখোঁজ শিশু কলির বলে শনাক্ত করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।