👁 367 Views

পলাশবাড়ীতে পল্লীবিদ্যুৎ কর্মচারী-এলাকাবাসীর সংঘর্ষ, থমথমে পরিস্থিতি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার বাড়াইপাড়া পলিটেকনিক এলাকায় পল্লীবিদ্যুৎ কর্মচারী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে পল্লীবিদ্যুতের এজিএম তুহিন ও লাইনম্যান রবিউল আহত হয়েছেন।
এ ঘটনায় স্থানীয় দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আটকরা হলেন—বাড়াইপাড়া গ্রামের মৃত আজিজের ছেলে বোরহান (২৮) ও হামিদের ছেলে আপেল (২২)।
পল্লীবিদ্যুতের এজিএম তুহিন বলেন, লাইন মেরামতের কাজ চলাকালে স্থানীয়দের সঙ্গে কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনায় তিনি ও লাইনম্যান রবিউল আহত হন।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর পল্লীবিদ্যুৎ কর্মচারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ না করে উল্টো দুই এলাকাবাসীকে আটক করে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম বলেন, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আটকের বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পলাশবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত মেয়র আল ইয়াসার রহমান তাপাদার জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়াইপাড়া পলিটেকনিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *