👁 395 Views

ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ, ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে ভাঙচুর

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার ফুলছড়িতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে দুপুর ১টার দিকে উপজেলা চত্বরে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তারা উপজেলা ভবনের দ্বিতীয় তলায় ইউএনওর কার্যালয়ে গিয়ে চেয়ার-টেবিল, ফুলের টব ও জানালার কাচ ভাঙচুর করেন। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে।
ভাঙচুরে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেলেও বিষয়টি অস্বীকার করেছেন ফুলছড়ি ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদিন জয়। তিনি বলেন, নিয়োগের ফলাফলে ফ্যাসিস্টদের সম্পৃক্ততার অভিযোগে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন। তবে ভাঙচুরের সঙ্গে বিএনপি বা অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, একদল বিক্ষুব্ধ যুবক তাঁর কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। কারা ভাঙচুর করেছে, তা জানার চেষ্টা চলছে। ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ সম্পর্কে তাঁকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেনি। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম সম্পন্নের চেষ্টা করা হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ে ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় গাইবান্ধার সাত উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর পলাশবাড়ী, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জেও অনিয়মের অভিযোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। একই অভিযোগে ফুলছড়ি ইউএনও কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিলেন এনসিপির গাইবান্ধা জেলার যুগ্ম সদস্যসচিব মাসুদুর রহমান আরিফ। এর পরদিনই ভাঙচুরের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *