👁 197 Views

মাদকের বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়তে হবে: নবাবগঞ্জে সমাজকল্যাণমন্ত্রী

এম সাজেদুল ইসলাম (সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:মাদকের ভয়াবহ বিস্তার রোধে পাড়া-মহল্লা, গ্রাম ও ওয়ার্ড পর্যায় থেকে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, মাদক নির্মূলে কেবল প্রশাসনের ওপর নির্ভর করলেই চলবে না, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, “প্রতিটি পাড়া-মহল্লা, গ্রাম ও ওয়ার্ডে কার্যকর মাদকবিরোধী কমিটি গঠন করতে হবে। এই কমিটিতে সমাজের প্রবীণ মুরব্বি, আনসার সদস্য, গ্রাম পুলিশ এবং স্কুল-কলেজের শিক্ষকদের সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে একটি দুর্ভেদ্য সামাজিক প্রতিরোধ বলয় গড়ে তুলতে হবে।” মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না উল্লেখ করে তিনি কোথাও মাদক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে দ্রুত স্থানীয় পুলিশ ও প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান।
বর্তমানে তরুণ সমাজের মাঝে মোবাইল ফোনে জুয়া খেলার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, “মোবাইল ফোন শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর অপব্যবহার তরুণদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মোবাইল জুয়ার আসক্তি সমাজে নতুন ধরনের অপরাধ ও পারিবারিক সংকট তৈরি করছে।”
সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানরা কার সঙ্গে মিশছে এবং মোবাইল ফোনে কী ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে, সে বিষয়ে সার্বক্ষণিক নজর রাখতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর তিনি জোর দেন।
কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল আজিম আনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। সভায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *