👁 40 Views

খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

গোয়াইনঘাট সিলেট সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ করিম মাহমুদ লিমন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক ইমান আলী, মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রুকুনুজ্জামান রুকন এবং মুসলিমনগর সূর্য তরুণ সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ করিম মাহমুদ লিমন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবল আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মাঝে ঐক্য, শৃঙ্খলা ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে সাহায্য করবে।
উদ্বোধনী ম্যাচে বিদ্যালয়ের নবম শ্রেণি ও দশম শ্রেণি প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় দুই দলের খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য ও টানটান উত্তেজনাপূর্ণ লড়াই উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের দারুণভাবে আনন্দিত করে। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *