
ইয়ানূর রহমান : শার্শার বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের এক সমর্থকসহ আটক হয়েছে। আটককৃত ব্যক্তিদের মধ্যে সাজাপ্রাপ্ত আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং পাসপোর্ট আইনের মামলার আসামি রয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টা ১০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সাদীপুর পূর্বপাড়ার মিনার হোসেন (২৯), খলশী গ্রামের আব্দুল্লাহ আল মামুন, সাদীপুর গ্রামের সুজন হোসেন এবং বড় আঁচড়া এলাকার মিলন (৪০)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার মিনার হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক। আব্দুল্লাহ আল মামুন একটি মামলায় সাজাপ্রাপ্ত, সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং মিলন পাসপোর্ট আইনের একটি মামলার আসামি।
বেনাপোল পোর্ট থানার ওসি শহীদ তিতুমীর জানান, বেনাপোল পৌরসভা এলাকায় নাশকতার পরিকল্পনাকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।#