👁 174 Views

পলাশবাড়ীতে ভূমিহীন ব্যক্তি অবৈধভাবে সম্পদের মালিক, দুদকে অভিযোগ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভূমিহীন পরিচয়ের এক ব্যক্তি অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন—এমন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার, জমি দখলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি দুদকের রংপুর বিভাগীয় সমন্বিত কার্যালয়ের পরিচালকের কাছে এ অভিযোগ দাখিল করেন পলাশবাড়ী উপজেলার ৮ নম্বর মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের কয়েকজন বাসিন্দা।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, একই গ্রামের মো. ওয়াজেদ মিয়া, পিতা—মৃত মকবুল হোসেন, নিজেকে ভূমিহীন হিসেবে পরিচয় দিলেও তিনি সুন্দরগঞ্জ উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রভাবিত করে নামমাত্র মূল্যে প্রায় ৪/৫ বিঘা জমি ক্রয় করেছেন বলে অভিযোগকারীদের দাবি। পরবর্তীতে ওই জমিতে বিপুল অর্থ ব্যয়ে একটি বাড়ি নির্মাণ এবং বাড়ির বারান্দা ইউনিয়ন পরিষদের রাস্তার ওপর নির্মাণের অভিযোগও করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, এসব বিষয়ে তারা বাধা দিলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার হুমকি দেওয়া হয়। এছাড়া অবৈধভাবে অর্থ উপার্জন করে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা জমা করার অভিযোগও রয়েছে।
অভিযোগকারীরা বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের কাছে আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্ত ওয়াজেদ মিয়া মিথ্যা বলে দাবী করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *