👁 52 Views

ফল উৎসবে স্বাস্থ্য সচেতনতার বার্তা, সম্প্রীতির বন্ধনে রংপুর রিপোর্টার্স ইউনিটি

রংপুর ব্যুরো:// স্বাস্থ্য সচেতনতা, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ফল উৎসব। রবিবার বিকেলে নগরীর রংপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এ উৎসব প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ারা ইসলাম রানী। সংগঠনের সভাপতি মাহফুজ আলম প্রিন্স-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা, ক্রীড়া ব্যক্তিত্ব মিসকিন এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারা ইসলাম রানী বলেন, তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি সমাজে এখনও নানা ধরনের বৈষম্য ও অবহেলা রয়েছে। তবে রংপুর রিপোর্টার্স ইউনিটি তাকে যে সম্মান ও মর্যাদা দিয়েছে, তা তার জীবনের অন্যতম স্মরণীয় প্রাপ্তি। তিনি বলেন, এই স্বীকৃতি সমাজে মানবিকতা, সমতা ও সম্প্রীতির চর্চাকে আরও এগিয়ে নেবে।
তিনি আরও বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত মৌসুমি ফল খাওয়ার কোনো বিকল্প নেই। ফল শরীরের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও পুষ্টির অন্যতম প্রধান উৎস। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা বলেন, ফল উৎসব কেবল আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি জনসাধারণকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উদ্বুদ্ধ করার একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি বলেন, ফাস্টফুডের প্রতি মানুষের আগ্রহ বাড়লেও সুস্থ ও কর্মক্ষম জীবন গড়তে প্রাকৃতিক খাদ্য, বিশেষ করে ফলমূলের গুরুত্ব অপরিসীম। খেলাধুলার পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
বক্তারা বলেন, ফল উৎসবের মাধ্যমে পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক সম্প্রীতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও সচেতনতামূলক নানা কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলু, সহ-সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, কোষাধ্যক্ষ আমিনুর ইসলাম জুয়েল, সদস্য সিয়াম হোসেন, মানিক সাহা, সুবর্ণা, রিয়াদ হোসেন, রাসেল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আলোচনা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল পরিবেশন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ, আন্তরিকতা এবং পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য আবহ সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *