👁 59 Views

চট্টগ্রাম বিমানবন্দরে ৪২৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:z   শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ৪২৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর শুল্ক বিভাগ।
রোববার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে শারজাহ থেকে আসা একটি উড়োজাহাজ অবতরণের পর বিমানবন্দরের শুল্ক বিভাগের হলে গোপন সংবাদের ভিত্তিতে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর শুল্ক শাখার কর্মকর্তারা অংশ নেন। এ সময় দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মোট ৪২৯ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। শুল্ক বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার করা সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা।
আটক যাত্রীরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা হাসান মিয়া এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমুল করিম।
শুল্ক বিভাগ জানায়, উদ্ধার করা সিগারেট বিভাগীয় নথিভুক্ত মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, দুই যাত্রীর কাছ থেকে ৪২৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্য প্রবেশ ঠেকাতে এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *