👁 307 Views

সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী আঃ সালাম কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি  ::  অজ্ঞাত উৎস থেকে ১ কোটি ৫৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২ কোটি টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর দায়ের করা মামলায় সিরাজগঞ্জ শহরের মাছ ব্যবসায়ী আব্দুস ছালামকে (৫৪) কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে পাবনার সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আক্তারুজ্জামান এই আদেশ দেন। এর আগে মামলার পরোয়ানার প্রেক্ষিতে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আব্দুস ছালাম সিরাজগঞ্জ পৌর শহরের বাহিরগোলা গুড়ের বাজার এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি মেসার্স আশা ফিশ অ্যান্ড কোল্ড স্টোর ও আশা মৎস্য খামারের স্বত্বাধিকারী।

দুদকের আইনজীবী মনোয় কুমার দাস এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০২৪ সালের ১৯শে মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোক্তার হোসেন বাদী হয়ে মাছ ব্যবসায়ী আব্দুস ছালাম ও তার স্ত্রী আফরোজা পারভীনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেন। এ মামলার একটিতে আব্দুস ছালামকে প্রধান ও আরেকটিতে দ্বিতীয় আসামি করা হয়। এরপর ২০২৫ সালের ৬ই আগস্ট দুদকের উপসহকারী পরিচালক মমিন উদ্দিন আদালতে আব্দুস ছালাম ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আদালত অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *