
নওগাঁ প্রতিনিধি: প্রতারক থেকে সাবধান। নওগাঁ জেলার পুলিশ সুপারের নাম, ছবি এবং ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে প্রতারণার অভিযোগে এক প্রতারক গ্রেপ্তার।
অভিযোগ ও মামলা সূত্রে জানা যায়, নওগাঁর মান্দায় ফেসবুক ও হোয়াটসঅ্যাপে এসপি পরিচয়ে মামলার ভয়ভীতি দেখিয়ে অর্থদাবির অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আগামীকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।
প্রতারকের যুবকের নাম অন্তর(২৪), তিনি ৩নং পরানপুর ইউপির শিশইল(ফেটগ্রাম) এলাকার মোঃ বাবুল হোসেনের ছেলে।
পুলিশ সুপার নওগাঁ জেলার ছবি, তার নাম এবং ভুয়া মোবাইল নাম্বার ব্যবহার করে কয়েকদিন পূর্বে একটি whatsapp আইডি খুলে। প্রতারক অন্তর এই হোয়াটসঅ্যাপ আইডি খুলে পুলিশের নাম ব্যবহার করে, কখনো পুলিশ সুপারের কার্যালয় ব্যবহার করে বিভিন্ন মানুষকে মামলার মিথ্যা ভয় দেখাচ্ছিল।
আজ শুক্রবার (১২ জুন) সকালে মান্দা উপজেলার জনৈক ব্যক্তিকে পুলিশ সুপারের কার্যালয় থেকে ফোন করার কথা বলে মামলার ভয় দেখায় এবং তাঁর নিকট টাকা দাবি করে।
ভুক্তভোগী বিষয়টি মান্দা থানায় অবহিত করলে তাৎক্ষণিক পুলিশ সুপার বিষয়টি জেনে অপরাধীকে গ্রেপ্তার করার নির্দেশনা প্রদান করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বিকেলে মান্দা থানা পুলিশ প্রতারককে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পুলিশের নামে অথবা প্রশাসনের কারো নামে অথবা অন্য কেউ যদি আপনার কাছ থেকে কোন ধরনের চাঁদা দাবি করে অথবা মামলার ভয় দেখায় তবে বিষয়টি তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে অথবা জেলা পুলিশের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। (01320124498) ।