
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর দুবলহাটি থেকে ভীমপুরগামী সড়কের পাশে বারোমাসি বিল থেকে শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১১জুন) সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন বারোমাসি বিলে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত শফিকুল ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানচপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে স্থানীয় কিছু লোক বারোমাসি বিলে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ঘটনাস্থলে লাশের অবস্থান ও অন্যান্য আলামত দেখে মৃত্যুর বিষয়টি সন্দেহজনক মনে হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা শফিকুল ইসলামকে হত্যা করে লাশ বিলে ফেলে রেখে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে।