👁 320 Views

নর্থ বেঙ্গল মোড়ে পথরোধ, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ; থানায় লিখিত অভিযোগ

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।  লালমনিরহাট শহরের নর্থ বেঙ্গল মোড় এলাকায় পথরোধ করে মারধর, ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ এনামুল হক টিপু (৪৮) নামে এক ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাট শহরের জেলখানারোড এলাকার স্টেডিয়ামপাড়ার বাসিন্দা মোঃ এনামুল হক টিপু গত ৯ জুন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে নর্থ বেঙ্গল মোড় এলাকায় তার বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মেহেদীর ওষুধের দোকানের সামনে পৌঁছালে মোঃ শাহিনুর চৌধুরীসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তাদের পথরোধ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা এনামুল হক টিপু ও তার স্ত্রীকে এলোপাতাড়িভাবে মারধর করে আহত করেন। একপর্যায়ে তার স্ত্রীর গলায় থাকা প্রায় ১ ভরি ৪ আনা ওজনের স্বর্ণের চেইন এবং রূপালী ব্যাংক থেকে উত্তোলন করা ৩ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া তাদের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, তাদের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা সরে যায়। যাওয়ার সময় তারা লাঠিসোটা প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় জগদীশ সরকার ও মেহেদীসহ কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে এনামুল হক টিপু দাবি করেন, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি লালমনিরহাট থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *