👁 181 Views

সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের হাজী এমরাত আলী মিঞা বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত প্রীয়া ওই বাড়ির মো. আবুল কাশেম ড্রাইভারের মেয়ে। সে স্থানীয় শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে প্রীয়া তার মায়ের কাছে বিরিয়ানি খাওয়ার বায়না ধরে। মেয়ের আবদার পূরণ করতে বিকেল ৪টার দিকে তার মা বিলকিস আক্তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় ছমির মুন্সির হাট বাজারে যান। সেখান থেকে বিরিয়ানি রান্নার উপকরণ নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে ফিরে বসতঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে মই দিয়ে ঘরের ভেতরে উঁকি দিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ থানায় নেওয়া হয়। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন।