👁 135 Views

চুয়াডাঙ্গায় আমির হামজার গাড়িতে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

​কুষ্টিয়া প্রতিনিধিঃ  ::  প্রখ্যাত আলেম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাওলানা আমির হামজা এমপির গাড়িবহরে সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখা।

​বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহরের ‘সাদ্দাম বাজার মোড়’ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক এবং কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর মজমপুর গেট পার হয়ে কুষ্টিয়া পৌরসভার ‘বিজয় উল্লাস চত্বরে’ এসে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

​কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার। তিনি বলেন, “মুফতি মাওলানা আমির হামজা জাতীয় সংসদের নির্বাচিত এমপি এবং একজন জনপ্রিয় আলেমে দ্বীনের ওপর চুয়াডাঙ্গার মাটিতে যে কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হামলার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।” তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

​সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন। এছাড়া সমাবেশে জেলা, শহর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ জনসাধারণেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *