
পঞ্চগড় : দেশের বিভিন্ন এলাকায় মাজারে হামলা, ভাংচুর সহ সুলতানুল আউলিয়া শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজার শরীফে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনায় পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে তরিকতপন্থী মুসলমানরা।
শনিবার (২৩ মে) সকাল ১০ টা থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ সুপ্রিম পার্টি পঞ্চগড়ের ব্যানারে জেলার সর্বস্তরের তরিকতপন্থী মুসলমানরা এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন,মাজার শরীফ মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র ও আবেগ জড়ানো স্থান।

সেখানে হামলা ও ভাঙচুর চালিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত হানা হয়েছে। বক্তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা যেকোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি ও মাজারের পবিত্রতা রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এসময় মানববন্ধনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সদস্য আবু সালেহ,এ্যাডভোকেট দেলোয়ার হোসেন,বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াদুদ বদশা,জকির হোসাইন, রমজান আলী ও ফারুক হোসেন।
পরে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ধর্মবিষয় মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।