👁 395 Views

সাঁথিয়ায় বিষ প্রয়োগে ৬ বিঘা জমির পেঁয়াজের  ক্ষেত ধ্বংস করেছে দুর্বৃত্তরা

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ   পেঁয়াজ ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা! যে মাঠে পেঁয়াজ ফসলের আবাদ করে স্বপ্ন বুনেছিলেন কৃষক হেলাল উদ্দিন।আজ সেই ফসলের মাঠেই বুক ফাটা আর্তনাদ আর নীরব কান্না করলেন তিনি।ঈদের পরেই ঘরে উঠতো যে পেঁয়াজ সেই পেঁয়াজ আজ মাঠেই পঁচে যাচ্ছে।ধার-দেনা  আর ঋণ করে শ্রম আর আশা মিলিয়ে দিনের পর দিন মাঠে লড়াই করেছিলেন ওই কৃষক ।কিন্তু আজ প্রায় চুরান্ত পর্যায়ে এসে সব স্বপ্ন ভেঙে চুরমার।এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক হেলাল উদ্দিন।পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের চর-পাকুরিয়া গ্রামের কৃষক হেলাল উদ্দিনের পেঁয়াজের জমিতে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে প্রায় ৬বিঘা জমির পেঁয়াজ ধ্বংস করেছে।এতে ওই ভূক্তভোগী কৃষকের প্রায় ৬ থেকে ৭ লক্ষাধিক টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ভূক্তভোগী কৃষক জানান,এ বছর ছয় বিঘা জমিতে হালি পেঁয়াজের আবাদ করেছিলাম।আর ১৬ থেকে ১৭ দিন পরেই ফসল তোলা যেত।কিন্তু রোববার(৮মার্চ)সকালে জমিতে গিয়ে দেখি রাতের অন্ধকারে কে বা কারা পুরো জমির পেঁয়াজে বিষ দিয়ে চলে গেছে।এতে জমির পেঁয়াজ গাছ মরে যাচ্ছে এবং পেঁয়াজ পঁচে নষ্ট হয়ে যাচ্ছে।আমার ধারনা দুইদিন আগে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছিল।

স্থানীয় কৃষক আলতাব হোসেন,রজব আলীসহ স্থানীয়রা বলেন, জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে পেঁয়াজ ক্ষেত নষ্ট করা হয়েছে। এটা শুধু অপরাধ নয়,এটি কৃষকের জীবনের ওপর সরাসরি আঘাত।এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি সহায়তার দাবি জানাচ্ছি।

ক্ষতিগ্রস্ত কৃষক হেলাল উদ্দিন বলেন,‘ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ছয় বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলাম।বিষ দেওয়ায় আমার সব পেঁয়াজ নষ্ট হয়ে আমি পথে বসে গেলাম। কিভাবে আমি এই ঋণ শোধ করবো? যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিপন আলী বলেন,‘সরেজমিনে পেঁয়াজ ক্ষেতটি পরিদর্শন করে যেটা দেখতে পেলাম,যে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে তাতে পেঁয়াজের শিকর নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এই পেঁয়াজ একেবারে ড্যামেজ বা নষ্ট হয়ে যাবে এবং ভূক্তভোগী কৃষকের প্রায় ৬থেকে ৭ লাখ টাকা ক্ষতি হবে।’

সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকতা মাহমুদুল হাসান বলেন,‘উপজেলার চরপাকুরিয়া গ্রামের হেলাল উদ্দিন নামের এক কৃষকের পেঁয়াজের জমিতে বিষ প্রয়োগের ঘটনায় আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে জমিটি পরিদর্শন করা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য তার পাশে থাকবো এবং তাকে উৎসাহ প্রদান করাা হবে যাতে কিছুটা ক্ষতি সে মেকাপ করতে পারে।’

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রফিকুল ইসলাম বলেন,এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *