👁 415 Views

চট্টগ্রামে ১২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার  ১৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১১ জন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ  চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে চট্টগ্রামের ১৬ আসনে এখন মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে।
মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম-১, ৩, ৪, ১০, ১৪ ও ১৫ আসনে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি।
মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন—চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. ওসমান আলী এবং খেলাফত মজলিসের এইচ এম আশরাফ বিন ইয়াকুব। চট্টগ্রাম-৫ আসনে ইসলামী ফ্রন্টের সৈয়দ মুক্তার আহমেদ, চট্টগ্রাম-৬ আসনে বিএনপির গোলাম আকবর খোন্দকার এবং চট্টগ্রাম-৭ আসনে খেলাফতে মজলিসের মো. আবুল কালাম মনোনয়ন প্রত্যাহার করেন।
এছাড়া চট্টগ্রাম-৮ আসনে খেলাফতে মজলিসের মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ, চট্টগ্রাম-৯ আসনে নেজামে ইসলাম পার্টির মো. নেজাম উদ্দীন, চট্টগ্রাম-১১ আসনে এবি পার্টির মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম-১২ আসনে গণঅধিকার পরিষদের এমদাদুল হাসান এবং চট্টগ্রাম-১৩ আসনে খেলাফতে মজলিসের মোহাম্মদ ইমরান মনোনয়ন প্রত্যাহার করেছেন।
চট্টগ্রাম-১৬ আসনে এলডিপির মো. কফিল উদ্দিন চৌধুরী ও নেজামে ইসলাম পার্টির মুহাম্মদ মুসা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *