👁 252 Views

ডোর টু ডোর ময়লা সংগ্রহে আর টাকা দিতে হবে না : চসিক মেয়র

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ‘ডোর টু ডোর’ ময়লা সংগ্রহ কার্যক্রমে আগামী মার্চ মাস থেকে নগরবাসীকে আর কোনো টাকা দিতে হবে না বলে ঘোষণা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) নগরীর হালিশহর এইচ ব্লকে একটি খেলার মাঠ ও ওয়াকওয়ে উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।
মেয়র বলেন, আগে বেসরকারি বা ঠিকাদারি ব্যবস্থায় ময়লা সংগ্রহের জন্য নাগরিকদের অতিরিক্ত টাকা দিতে হতো। এ নিয়ে অনেকের অভিযোগ ছিল এবং অনেকেই টাকা দিতে অনীহা প্রকাশ করতেন। এখন থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তুকি দিয়ে এ কার্যক্রম পরিচালনা করবে। বর্তমান ভেন্ডারদের সঙ্গে চসিকের নিজস্ব কর্মচারীদের সমন্বয় করা হবে।
তিনি নগরবাসীকে নিয়মিত ময়লা নির্ধারিত স্থানে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে মশার উপদ্রব কমবে এবং নগর পরিবেশ পরিচ্ছন্ন থাকবে।
মেয়র আরও বলেন, দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে চসিকই প্রথম হালিশহরে ময়লা থেকে বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বর্তমানে এ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডির শেষ পর্যায়ে কাজ চলছে। প্রকল্পটি সফল হলে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব হবে।
চসিকের এ সিদ্ধান্তে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, এতে সাধারণ মানুষের আর্থিক চাপ কমবে এবং নগর পরিচ্ছন্নতায় ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *