👁 374 Views

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে শীতার্তদের পাশে ‘খগেন্দ্র–শান্তি ফাউন্ডেশন’

৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে সহস্রাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ

আরিফুল ইসলাম মহিন,পার্বত্য প্রতিনিধি: পাহাড়ের দুর্গম জনপদে শীতের কষ্টে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে ‘খগেন্দ্র–শান্তি ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন দুর্গম এলাকায় সহস্রাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার গুইমারা উপজেলার হাফছড়ি, তৈমাতাই মৌজা এবং ৩ নম্বর সিন্দুকছড়ি ইউনিয়নের জগন্নাথ পাড়া ও সুকান্ত মহাজন পাড়াসহ বিভিন্ন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র পেয়ে দুর্গম পাহাড়ি জনপদের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়। শীতের তীব্রতা থেকে কিছুটা সুরক্ষা পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে হাসি।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. নয়ন ময় ত্রিপুরার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন গত ছয় বছর ধরে পাহাড়ের মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে সংগঠনটি।

ডা. নয়ন ময় ত্রিপুরা বলেন, “মানুষের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। দুর্গম এলাকার অসহায় মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মানবতার এই যাত্রা অব্যাহত রাখতে ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে যাবে।”

তিনি এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতাকারী শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখতে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে টানা ছয় বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে খগেন্দ্র–শান্তি ফাউন্ডেশন। প্রত্যন্ত পাহাড়ি জনপদে সেবার পরিধি আরও বিস্তৃত করে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।