👁 51 Views

আজ কবি- কথাসাহিত্যিক ও সাংবাদিক বায়েজিদ চাষা’র শুভ জন্মদিন

মাকসুদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি– আজ ১৫ নভেম্বর—তরুণ কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক বায়েজিদ চাষা’র শুভ জন্মদিন। ১৯৯২ সালের এই দিনে (১৫ নভেম্বর) ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিপ্রবগদিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

পেশাগত জীবনে বহুমুখী প্রতিভার স্বাক্ষর রাখা বায়েজিদ চাষা কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতা, শিক্ষকতা এবং সবুজ প্রান্তর ও ফসলের ডালিকে। বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘দৈনিক ডেসটিনি’ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত ব্যস্ততার পাশাপাশি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, শৈলকুপা শাখার সাধারণ সম্পাদক হিসেবেও তিনি সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখছেন।

সংস্কৃতিমনা ও প্রগতিশীল চিন্তাধারার এই তরুণ লেখক সাহিত্যের প্রায় সব শাখাতেই বিচরণ করছেন। গল্প, কবিতা, উপন্যাস ও ভ্রমণকাহিনী—সব ক্ষেত্রেই রয়েছে তাঁর স্বতঃস্ফূর্ত পদচারণা। অমর একুশে বইমেলায় প্রকাশিত তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে গল্পগ্রন্থ ‘অবেলায় স্টেশনে’ (২০২২) এবং পথ প্রকাশন থেকে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অনুভবে অনুরণন’ (২০২৩), যা ইতোমধ্যে পাঠকমহলে বেশ প্রশংসিত হয়েছে।

খেয়ালী পরিব্রাজক বায়েজিদ চাষা লেখালেখির রসদ জোগাতে ছুটে বেড়ান পাহাড়, নদী, ঝর্ণা আর গহীন অরণ্যে। ভ্রমণের নেশার পাশাপাশি শেকড়ের টানে বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন হারিয়ে যাওয়া বাংলা লোকসাহিত্যের লোককবি ও লোকগান সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ গবেষণাধর্মী কাজে।

বিশেষ এই দিনে দৈনিক ডেসটিনির সম্পাদকমণ্ডলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি এবং সারা দেশের সকল জেলা ও উপজেলা প্রতিনিধিদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এ ছাড়াও সহকর্মী, শুভানুধ্যায়ী ও ‘শৈলকুপা পরিক্রমা’ পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাহিত্য ও সাংবাদিকতায় আরও সমৃদ্ধ পথচলা কামনা করা হয়েছে।