👁 298 Views

জাতীয় গ্রন্থকেন্দ্রে সেরাদের সেরা’ নির্বাচিত হলেন মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগারের পাঠক গৌর বর্মন

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে অনুষ্ঠিত আয়োজনে নির্বাচিত ‘সেরাদের সেরা’ পাঁচজনের একজন হওয়ার গৌরব অর্জন করেছেন ধামইরহাটের প্রত্যন্ত এলাকায় গড়ে উঠা মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের নিয়মিত পাঠক গৌর বর্মন।

এই অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ গৌর বর্মনের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার গৌর বর্মনের প্রতিভা ও সাফল্যের প্রশংসা করেন এবং তাঁর পড়াশোনা ও ভবিষ্যৎ পথচলাকে আরও এগিয়ে নিতে উৎসাহ প্রদানের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন। তাঁর এই আন্তরিক সহযোগিতা একজন মেধাবী পাঠকের স্বপ্নপূরণে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গৌর বর্মনের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগার, তাঁর পরিবার এবং সমগ্র আগ্রাদ্বিগুন এলাকার জন্য আনন্দ ও গর্বের বিষয়।

একজন পাঠকের সাফল্যে সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এমন সহযোগিতা ও উৎসাহ অন্য পাঠকদেরও বই পড়া, জ্ঞানচর্চা এবং নিজেদের প্রতিভা বিকাশে অনুপ্রাণিত করবে। মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের পক্ষ থেকে কৃতী পাঠক গৌর বর্মনকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর পাশে দাঁড়িয়ে উৎসাহ ও আর্থিক সহযোগিতা প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রস্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক পরিবেশবিদ আলমগীর কবির বলেন,‘জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে পাঠ প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ পাঁচজনের একজন হয়ে গৌর বর্মন ধামইরহাট তথা নওগাঁ জেলার মুখ উজ্জল করেছে, তরুন শিক্ষার্থীদের বই পড়তে আকৃস্ট করতে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগার নিয়মিত ভাবে পাঠ প্রতিযোগিতা, গল্প বলা প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন চলমান আছে।