👁 53 Views

দৃষ্টিহীনতা জয় করে জিপিএ-৫, মৌমির সাফল্যে গর্বিত জুড়ীবাসী

মাছুম আহমদ, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: সুস্থ-সবল শিক্ষার্থীদের নিয়েও যেখানে আমরা হতাশায় ভুগি, সেখানে জন্মান্ধ মেধাবী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে আমাদের জন্য গৌরব বয়ে এনেছে। তার এই অসাধারণ সাফল্য আমাদের চোখ খুলে দিয়েছে। ইচ্ছাশক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতাই মানুষকে আটকে রাখতে পারে না।
কথাগুলো বলেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরী। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদ আয়োজিত জন্মান্ধ মেধাবী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও বলেন, মৌমি দৃষ্টিশক্তিহীন একজন শিক্ষার্থী। আমাদের সমাজে নারীরা এমনিতেই নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। তার ওপর দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে মৌমির এমন অসাধারণ ফলাফল সত্যিই অনুপ্রেরণাদায়ক। তার সাফল্য প্রমাণ করেছে, দৃঢ় মনোবল ও অধ্যবসায় থাকলে প্রতিকূলতাকে জয় করে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জুড়ী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সংবর্ধিত শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি এবং তার বাবা আব্দুল আহাদ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন পরিষদের সদস্য, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মৌমিকে সম্মাননা স্মারক ও ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

প্রতিবন্ধকতাকে জয় করে মৌমির সাফল্যের গল্প

তাহমিনা আক্তার মৌমি জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম জায়ফরনগর গ্রামের বাসিন্দা মুদি দোকানি আব্দুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির বড় মেয়ে। জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন মৌমির জীবনের শুরুটা ছিল নানা প্রতিকূলতায় ভরা।

জন্মের পর থেকেই মৌমি দুই হাত দিয়ে চোখ ঢেকে রাখত। প্রথমদিকে তার বাবা-মা বিষয়টিকে স্বাভাবিক মনে করতেন। কারণ, তার চোখের চাহনিসহ বাহ্যিক সবকিছুই স্বাভাবিক মনে হতো। পরে চোখের সামনে খেলনা ঘোরানোর পরও সে কোনো প্রতিক্রিয়া না দেখালে বাবা-মায়ের সন্দেহ হয়। এরপর তাকে ঢাকায় এবং চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে নেওয়া হয়।

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, মৌমির চোখে আলো নেই এবং তার দৃষ্টিশক্তি ফিরে আসার সম্ভাবনা নেই। বাবা-মা তার চোখের চিকিৎসার জন্য নানা চেষ্টা করলেও চিকিৎসকরা জানান, তার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার কোনো চিকিৎসা নেই। এমনকি ভবিষ্যতের কথা বিবেচনা করে তার নামে ব্যাংকে অর্থ জমা রাখার পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করার পরামর্শ দেন।

তবে দৃষ্টিশক্তি না থাকলেও থেমে থাকেনি মৌমির স্বপ্নের পথচলা। মাত্র সাত বছর বয়সে ২০১৩ সালে তাকে সিলেটের জিন্দাবাজারস্থ ‘গ্রিন ডিজেবল ফাউন্ডেশন’ (জিডিএফ)-এ ভর্তি করা হয়। সেখানে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিজেকে সম্পৃক্ত করে মৌমি। হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে পারে সে। সিলেট বেতারে খুদে শিল্পীদের মধ্যে প্রথম স্থান অর্জনেরও গৌরব রয়েছে তার। গত চার-পাঁচ বছর ধরে সে বিনা বেতনে লেখাপড়া করেছে।

২০২৪ সালে এসএসসি পরীক্ষায় এ গ্রেড অর্জন করে মৌমি। এরপর সিলেট সরকারি মদন মোহন কলেজে মানবিক বিভাগে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যায়। ২০২৬ সালে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় শ্রুতিলেখকের সহায়তায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করে সে।

সবচেয়ে গৌরবের বিষয়, সিলেট সরকারি মদন মোহন কলেজের মানবিক বিভাগের ৫০০ পরীক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী মৌমি।

জন্ম থেকে দৃষ্টিশক্তিহীন হয়েও অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মৌমির এই অর্জন শুধু তার পরিবার কিংবা জুড়ী উপজেলার নয়, পুরো এলাকার জন্যই এক অনন্য গৌরবের। তার সাফল্য সমাজের অন্য শিক্ষার্থীদের জন্যও হয়ে উঠেছে অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত।