
আকরামুজজামান আরিফ, কুষ্টিয়া : কুষ্টিয়া মিরপুরে গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানীতে শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল দিয়ে নকল সিগারেট তৈরির দায়ে কোম্পানীর মালিক আতিয়ার রহমান ও তার ভাই রাজু রহমান সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
সোমবার (২৩ নভেম্বর) কুষ্টিয়ার মিরপুর থানায় বাদী হয়ে এই মামলা দায়ের করেন কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল -২ ভেড়ামারার সহকারি রাজস্ব কর্মকর্তা মমিনুল ইসলাম। মামলা নাম্বার – ২৩, তারিখ ২৩/১১/২০২৬, ধারা বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪ এর ধারা ২৫-ক এর (ক) ও (খ)।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম।
মামলার আসামীরা হলেন, বেঙ্গল টোব্যাকো কোম্পানীর যৌথ মালিক কুষ্টিয়া সদর থানাধীন জুগিয়া এলাকার হোসেন আলীর ছেলে আতিয়ার রহমান (৫৬) তার আপন ছোট ভাই রাজু আহমেদ (৫০), কোম্পানীর ডেপুটি ম্যানেজার শহরের আড়ুয়াপাড়া এলাকার সামসুল আলমের ছেলে সাইফুল আলম (৫০), কোম্পানীর ম্যানেজার মিলপাড়া এলাকার মৃত ইস্রাফিলের ছেলে নঈম ইকবাল (৪৭)।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত (০২ নভেম্বর ২০২৬) তারিখে কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রশাসন ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের সমন্বয়ে গঠিত একটি অভিযানিক টিম মিরপুর উপজেলার বারুইপাড়ার কেউপুর এলাকায় অবস্থিত গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে তল্লাশি করে প্রতিষ্ঠানটি থেকে নকল স্ট্যাম্প সমবলিত সন্দেহে এক হাজার প্যাকেট বেঙ্গল স্পেশাল সিগারেট (প্রতি প্যাকেটে ১০ শলাকা হিসেবে ১০ হাজার শলাকা) জব্দ করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট । পরে পরীক্ষার জন্য ১২ প্যাকেট নমুনা গাজিপুরের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে প্রেরণ করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট । পরীক্ষায় প্রেরিত বেঙ্গল স্পেশাল সিগারেটের নমুনা ১২ প্যাকেটের ব্যবহৃত স্ট্যাম্পের কাগজ, মুদ্রণ ও নিরাপত্তা বৈশিষ্ট্য ফয়েল সঠিক নেই ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য উপস্থিত পাওয়া যায় নাই। যার ফলে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নিশ্চিত হয় সিগারেট স্ট্যাম্প নকল। পরবর্তীতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের ওই কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেন।
কুষ্টিয়া মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম জানান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একাধিক সুত্রে জানা যায়, বেঙ্গল টোব্যাকো যৌথ মালিক আতিয়ার রহমান ও তার ভাই রাজু আহমেদ দীর্ঘ দিন যাবত শুল্ক ফাঁকি দিয়ে টোব্যাকো র তামাক গুদামজাত করে বিভিন্ন টোব্যাকোতে সাপ্লাই দিয়ে আসছে। এর আগে কয়েকবার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে জরিমানা পরিচালনাও করেছেন। শুধু তাই নয় কুষ্টিয়া, মিরপুরের পাশাপাশি খোকসা বেতবাড়িয়া জানিপুর এলাকাতেও জমজম টোব্যাকো নামের প্রতিষ্ঠানেও একইভাবে শুল্ক ফাঁকি দিয়ে জাল স্টাম্পের ব্যান্ডরোল দিয়ে নকল সিগারেট উৎপাদন করছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়াও, আয়নাবাজির মাধ্যমে কুষ্টিয়া শহরতলীর মিনাপাড়া এলাকার ১২ টি পরিবারের প্রায় ৩০ কোটি টাকা মূল্যের সম্পত্তি এনআইডি জালিয়াতির মাধ্যমে ভূয়া মালিক বানিয়ে নিজ নামে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন এই দুই বহু অপকর্মের হোতা আতিয়ার রহমান ও তার ভাই রাজু আহমেদ। বিষয়টি নিয়ে বিভিন্ন টেলিভিশন ও পত্র পত্রিকায় সংবাদ প্রচারের পর বর্তমানে টক অব দা টাউনে পরিণত হয়েছে।