👁 72 Views

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে স্ত্রী হাজেরা খাতুনকে হত্যার দায়ে তার স্বামী মো. বাবু মন্ডলকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। এতথ্যটি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহান শাহ।

মামলার এজাহার সূত্রে জানাযায়, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার হাজেরা খাতুনের সঙ্গে একই এলাকার বাবু মন্ডলের বিয়ে হয়। তাদের সংসারে সাকিব নামে দুই বছর বয়সী একটি ছেলে সন্তান আছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হাজেরা খাতুনকে প্রায়ই মারধর ও নির্যাতন করতেন তার স্বামী। এরই ধারাবাহিকতায় গত ২০১১ সালের ৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে মারধরের পর গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় হাজেরা খাতুনের বাবা মো. নুরুল হুদা বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।