
নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে মোঃ সাদিপ হোসেন (৩ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে বাঁচাতে পরিবারের সদস্যদের আহাজারি দেখে নিজ গাড়ি বহরে করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, নলডাঙ্গা থেকে নাটোরে আসার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু। এ সময় শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তিনি দ্রুত নিজের গাড়িতে তুলে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শিশুটিকে বাঁচানোর জন্য দীর্ঘক্ষণ চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যদের পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলুও।
হুইপ দুলু জানান, নলডাঙ্গায় গ্রামের বাড়িতে একটি কর্মসূচি শেষ করে নাটোরে ফেরার পথে রাস্তায় শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন তিনি। শিশুটির অবস্থা গুরুতর বুঝতে পেরে আর দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো যায়নি।
নিহত সাদিপ হোসেন নলডাঙ্গা উপজেলার সাখারীপাড়া গ্রামের মোঃ বকুল হোসেনের ছেলে।