
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় সক্রিয় হয়েছে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক কর্মকান্ড মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে সীমান্ত এলাকায় তৎপরতা শুরু করেন তাঁরা। বুধবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে সীমান্ত এলাকার উদ্দেশ্যে বের হন। এ সময় তাঁরা সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থান নেন। অন্যদিকে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে গত দুইদিন ধরে মাঠে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মুকসুদুল সালেহীন ও ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। তাঁরা সীমান্তের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন এবং সরেজমিনে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন বলেন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিজিবির সমন্বয়ে যৌথ টহল অব্যাহত রেখেছি।