👁 56 Views

লক্ষ্মীপুরের আবুল কালাম এখন শ্রীপুরে; ফিরে পেতে চান পরিবারের সন্ধান

‎​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ীচালা গ্রামে গভীর রাতে বসতবাড়ির গেটে আঘাতের শব্দ পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয় লোকজনের হাতে এক বয়োবৃদ্ধ ব্যক্তি আটকের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি সহায়তার জন্য মোছাঃ শরমিন নামের এক নারী শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক আড়াইটার দিকে অভিযোগকারীর বসতবাড়ির গেটে লাঠির জোরালো আঘাতের শব্দ শুনে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই ব্যক্তিকে আটক করে। এ সময় স্থানীয় জনতার সন্দেহ ও ধস্তাধস্তিতে তিনি আহত হন।

‎​খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত ১৫ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন অভিযোগকারী।

‎‎​অভিযোগে আরও উল্লেখ করা হয়, বর্তমানে ওই ব্যক্তি চিকিৎসাধীন ও হেফাজতে থাকলেও নিজের সঠিক পরিচয় ও ঠিকানা নিয়ে কিছুটা তালবাহানা করছেন। আটককৃত এই ব্যক্তির নাম আবুল কালাম এবং তিনি নোয়াখালী জেলার লক্ষ্মীপুর উপজেলার আবিরনগর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন। বর্তমানে তিনি শ্রীপুরে থেকেই তার পরিবারের সন্ধান পেতে ও নিজের পরিবারের কাছে ফিরে যেতে চাচ্ছেন।

‎‎​এ বিষয়ে অভিযোগকারী নারী উৎকণ্ঠা প্রকাশ করে জানান, “লোকটি কোনো অপরাধী দলের সদস্য নাকি ভালো লোক—তা আমাদের কাছে সম্পূর্ণ অজানা। এই পরিস্থিতিতে আমরা ও আমাদের পরিবার অত্যন্ত আতঙ্কিত।” তবে মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি আরও বলেন, “আমরা চাই, এই সংবাদ বা প্রচারের মাধ্যমে তার পরিবারের লোকজন যেন সহজে সন্ধান পান এবং তিনি সুস্থ হয়ে দ্রুত নিজের পরিবারে ফিরে যেতে পারেন।”

‎‎​পরিবার ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রকৃত পরিচয় উদ্ঘাটনে আজ ১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।