👁 439 Views

 নওগাঁর মহাদেবপুরে স্বামীর পরকীয়ার বলি; নির্যাতনে গৃহবধূর করুণ মৃত্যু

এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূ কানিজ ফাতিমার (২১) করুণ মৃত্যু হয়েছে।

স্বামীর পরকীয়ার বলি হয়ে স্বামীর হাতেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। উপজেলার বাগাচারা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

এ নৃশংস ঘটনার পর কানিজের প্রবাসী বাবা ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অ়ভিযোগ উঠেছে  নৌবাহিনীতে কর্মরত স্বামী আশিক হাসানের বিরুদ্ধে অবৈধ পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় ছুটিতে বাড়ি এসে স্ত্রী কানিজ ফাতিমাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে মহাদেবপুর উপজেলার বাগাচারা এলাকার আশিক হাসানের সাথে বিয়ে হয় কানিজ ফাতিমার। বিয়ের পর আশিক নৌবাহিনীতে চাকরি পেয়ে চট্টগ্রামে চলে যান।

মেয়ের সুখ-শান্তির কথা ভেবে সৌদি প্রবাসী বাবা আবুল কালাম জামাইয়ের চাকরি থেকে শুরু করে সংসারের যাবতীয় চাহিদা পূরণে নিজের সর্বস্ব উজাড় করে দেন। কিন্তু এরপরও যৌতুকের দাবিতে কানিজের ওপর চলতে থাকে মানসিক ও শারীরিক নির্যাতন। মেয়ের সুখের আশায় প্রবাসী বাবার আজীবনের সঞ্চয় ও অনেক ত্যাগের পরও শেষরক্ষা হলো না।

স্বজনদের অভিযোগ, চট্টগ্রামে যাওয়ার পর থেকেই ফরিদপুর জেলার এক নারীকে ‘ধর্মবোন’ পরিচয় দিয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন আশিক। বিষয়টি জেনে ফেলায় এবং প্রতিবাদ করায় কানিজের ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।

সবশেষ চলতি সপ্তাহে ছুটিতে বাড়ি আসেন আশিক হাসান। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পরকীয়ার বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে আশিক ও তার পরিবারের সদস্যরা কানিজকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে কানিজের মৃত্যু হলে স্বজনদের খবর দেওয়া হয়। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানিয়েছেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।