👁 236 Views

নড়াইলে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে ঘর থেকে ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার। নড়াইল সদর উপজেলায় জাহাঙ্গীর হোসেন সানা (৫৫) নামে এক ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর তার ব্যবহৃত ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।  রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহাঙ্গীর সানা যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের নয়েজ সানার ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন সানা প্রায় ১৫ বছর আগে নড়াইল সদর উপজেলায় আসেন। গত এক বছর ধরে তিনি চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি দেখাশোনা করতেন এবং সেখানে একাই বসবাস করতেন। প্রতিদিনের মতো ভ্যান চালিয়ে শনিবার রাতে তিনি বাড়িতে ফেরেন। রোববার বেলা ১১টার দিকে স্থানীয়রা জাহাঙ্গীরের ঘরের দরজা খোলা দেখে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তারা জাহাঙ্গীরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দুপুরের দিকে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত জাহাঙ্গীরের স্ত্রী বিউটি বেগম বলেন, ‘গত দুইদিন ধরে মান-অভিমানের কারণে তার সাথে আমার যোগাযোগ ছিল না। খবর পেয়ে এসে দেখি তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে যাওয়া হয়েছে। যারা আমার স্বামীকে হত্যা করেছে, আমি তাদের কঠোর বিচার চাই।’
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *