👁 438 Views

জেলা প্রশাসকের নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তারাগঞ্জের ইউএন ও

মোঃ আমজাদ হোসাইন,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি, আসবাবপত্র ও গবাদিপশু হারিয়ে দিশেহারা পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ সরকারপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন,  তাদের দুর্দশার কথা শোনেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে ১০ হাজার টাকা নগদ অর্থ, চার প্যাকেট শুকনা খাবার ও ছয়টি কম্বল দেওয়া হয়। পাশাপাশি পরবর্তী সময়ে দুই বান্ডিল ঢেউটিনসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এ সময় ইউএনও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির দুর্ভোগের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। তাঁর নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে। পরিবারটি যাতে দ্রুত ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য পরবর্তী সময়ে ঢেউটিনসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, দুর্যোগ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত রোববার (১৫ নভেম্বর) রাতে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতবাড়িতে। এতে বাড়ির চারটি ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পায়নি গোয়ালঘরের গরু-ছাগলও। চোখের সামনেই পুড়ে যায় পরিবারের বসতঘর, গবাদিপশু ও জীবিকার শেষ সম্বল। এতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।

পরিদর্শন কালে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।