
আব্দুল মান্নান, শার্শা (যশোর) থেকে ॥ যশোরের শার্শা সীমান্তে বড় ধরনের চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি ৪০০ গ্রাম স্বর্ণসহ রিপন(৪১) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা। এ সময় পাচারকারীর কাছ থেকে ২৬টি স্বর্ণের বার, দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর রুদ্রপুর বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। আটক রিপন উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বাগআঁচড়া বাজারে বাবু সুপার মার্কেটে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন রিপনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা ২৬টি স্বর্ণের বারের মোট ওজন ৩ হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম। বিজিবির হিসাব অনুযায়ী, স্বর্ণের মূল্য ৩ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। পাশাপাশি ৪ লাখ টাকা মূল্যের দুটি মোটরসাইকেল, ৪০ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন এবং ১২ হাজার টাকা মূল্যের একটি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়। স্থানীয়রা জানায় আটককৃত স্বর্ণের বারের মালিক বাগআঁচড়া বাজারের মামা ভাগ্নে বীজ ভান্ডারের মালিক আব্দুর রহিমের। তারা আরো জানায় বাগআঁচড়া শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে বেশ কয়েক মাস পূর্বে বিজিবি সদস্যরা স্বর্ণের একটি বড় চালান আটক করে। খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আটক স্বর্ণের বারগুলো যশোর সরকারি ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।