
সিরাজগঞ্জ প্রতিনিধি : সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন-৩ প্রাঙ্গণ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বাভাবিক অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময়
তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শ যার যার নিজস্ব বিষয় হলেও দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।