
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফ খানকে মোবাইলফোনে ক্রমাগতভাবে অকথ্য ভাষায় গালাগালি,জবাই ও গুলি করে হত্যা হুমকির অভিযোগ উঠেছে।সম্প্রতি বিভিন্ন নাম্বার থেকে মুঠোফোনে তাকে হুমকি দেওয়া হচ্ছে।ইতোমধ্যে এসব হুমকির অডিও কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।এঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন তিনি।নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার(১২নভেম্বর)রাতে সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন তিনি। ভুক্তভোগী সাংবাদিক আরিফ খান জাতীয় দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’এর সাঁথিয়া-বেড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে,সাংবাদিকতার শুরু থেকেই বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতা ও ঝুঁকি নিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে আলোচিত সংবাদ করে এসেছেন আরিফ খান। তার করা একাধিক সংবাদ বিভিন্ন সময় প্রতিদিনের সংবাদে প্রকাশ হয়েছে।সাহসী ও অনুসন্ধানী এসব সংবাদের জন্য উপজেলা ও জেলার সাংবাদিকদের কাছেও তিনি ভিন্নভাবে পরিচিত।সম্প্রতি বেড়া উপজেলায় স্কুল ফিডিংয়ে অনিয়ম,উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে হওয়া তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবার প্রসঙ্গেও ভিন্ন ভিন্ন সংবাদ করেন তিনি।এসব সংবাদ প্রকাশ নিয়ে সরাসরি ও মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে সাংবাদিক আরিফের ওপর হুমকি ধামকি ও চাপ প্রয়োগ করা হয়।
সর্বশেষ বেড়া উপজেলার আমিনপুর থানার মাশুমদিয়া এলাকায় চিকিৎসা সংশ্লিষ্ট সনদ ও অনুমোদন ছাড়া হালিম কবিরাজের অপচিকিৎসার বিরুদ্ধেও সংবাদ প্রকাশ করেন আরিফ খান। তথ্য সংগ্রহের সময় তাকে ম্যানেজের চেষ্টা করেও ব্যর্থ হন কথিত ওই কবিরাজ। পরে ভোক্তা অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ওই কবিরাজের কথিত চেম্বার সিলগালা করা হয়।এসব সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন নাম্বার থেকে মুঠোফানসহ ক্রমাগতভাবে সাংবাদিক আরিফকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক আরিফ খান বলেন,এর আগেও আমি বিভিন্ন অনিয়ম,দুর্নীতি ও অপরাধ নিয়ে অসংখ্য আলোচিত রিপোর্ট করেছি।সেগুলোর ক্ষেত্রেও বিভিন্ন সময় চাপ এসেছে।কিন্তু এই তিনটি সংবাদ করার পর থেকে অতিরিক্ত চাপে ফেলার চেষ্টা করা হয়েছে।সর্বশেষ মুঠোফোনসহ বিভিন্নভাবে রাস্তায় ফেলে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যা করার হুমকিও দেওয়া হচ্ছে। যার কল রেকর্ড আমার কাছে রয়েছে। এর কয়েকটি ফেসবুকে প্রকাশও পেয়েছে।
তিনি বলেন,আমার করা সংবাদ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে সেটি আইনিভাবে মোকাবিলা করতে পারেন। সেটি তারা করছেন না।উল্টো হুমকি ধামকি দিয়ে আমাকে থামানোর চেষ্টা চলছে।কারণ অন্যায়কারীরা দেখেছেন-প্রতিটি বিশেষ করে সবশেষে করা তিনটি সংবাদের ক্ষেত্রে ঘটনা তদন্তে কমিটি হয়েছে।তদন্তে অভিযুক্তরা দোষী প্রমাণিত হয়েছেন। তাহলে সত্য তথ্য প্রকাশ করা কি আমার অন্যায়? এজন্য আমাকে নিরাপত্তাহীনতায় ভূগতে হবে? এভাবে তো সাংবাদিকতা করা যায় না। আমি আমার জীবনের নিরাপত্তা চাই।
সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাই ও বেড়া উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন মল্লিক বলেন,সাংবাদিক আরিফ খান সম্পর্কে সবাই জানেন। তার সাহসী রিপোর্টে অনেক অন্যায় অনিয়মের প্রমাণ মিলেছে। সাংবাদিকদের কাজই এটা,অনিয়ম তুলে ধরা।তার জন্য এভাবে সরাসরি ধারাবাহিকভাবে হুমকি দেয়া দুঃখজনক।আমরা এ ঘটনারতীব্র নিন্দা ও প্রতিবিাদ জানাই। প্রশাসনকে আহ্বান জানাই,এই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন।কাল বিলম্ব হলে মানববন্ধনসহ কঠোর আন্দোলনে নামবে সাংবাদিকরা।
পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন,সাংবাদিকের কাজ ক্ষমতাকে প্রশ্ন করা।অন্যায় অনিয়মের তথ্য সংগ্রহ করে সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষ ও দেশবাসীর সামনে তুলে ধরা।সেটি করতে গিয়ে সাংবাদিকরা যেনো আক্রান্ত না হন এটি প্রশাসনকে দেখতে হবে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে, দ্রুতই হুমকিদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিসুর রহমান জানান,সাংবাদিক আরিফ খানকে হত্যার হুমকির ব্যাপারে তিনি নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন,ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরী করেছেন। হুমকিদাতাদের শনাক্তে কাজ করছে গোয়েন্দা ও থানা পুলিশ।দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।