
পার্বতীপুর প্রতিনিধি: পার্বতীপুরে মিজানুর রহমান মিজান এর দায়ের করা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় ৬ সাংবাদিক জামিন পেয়েছেন।
বুধবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত পার্বতীপুরের বিজ্ঞ বিচারক জয় কিশোর নাগ শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন – মামুনুর রশিদ (আগামীর সময়), মোস্তাফিজুর রহমান বকুল (ভোরের কাগজ), আতাউর রহমান (ভোরের দর্পণ), আবদুল্লাহ আল মামুন (মাই টিভি), মাহমুদুর রহমান (সমকাল) ও শ.আ.ম হায়দার।
আদালত সূত্রে জানা যায়, মিজানুর রহমান মিজান বাদী হয়ে উক্ত ৬ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন ( মামলা নং সি আর ৬১৪/২০২৫, তারিখ- ১৮/০৯/২০২৫)।
মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সাংবাদিকরা আদালতে দাবি করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিন শুনানিতে সাংবাদিকদের পক্ষে আইনজীবী ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও দিনাজপুর জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাড. শাহাদাৎ হোসেন।
জামিন পাওয়ার পর সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। আদালত ন্যায় বিচারের মাধ্যমে সত্যতা উপলব্ধি করে জামিন দিয়েছেন।