👁 496 Views

আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হবে -হুইপ দুলু

নাটোর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেশি বেশি আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হবে। নাটোরসহ দেশের সব চিনিকল গুলোকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, দেশে চিনি উৎপাদন হয় বলে এখনো সাধারন মানুষ চিনি কিনে খেতে পায়, এসব চিনি কল বন্ধ হয়ে গেলে চিনির মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে। এসব চিনিকলের উপরে দেশের হাজার হাজার মানুষের জীবিকাও নিবার্হ করছে। তাই এই শিল্পকে বঁাচিয়ে রাখতে হবে। শুক্রবার বিকেলে নাটোর চিনিকলের ৪৩তম মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চিনিকল চত্বরে আয়োজিত মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আখলাছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, চিনি ও খাদ্য শিল্প কপোর্রেশনের চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান সুরুজ, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আখলাছুর রহমান জানান, আগামী ৬৫ মাড়াই দিবসে ৯০হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫হাজার ১৩০মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার চিনিকলটি ২০২৬-২৭ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে। চিনি আহরনের হার ধরা হয়েছে ৫.৭ভাগ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুলু অন্য অতিথিদের সাথে নিয়ে মিলের ডোঙ্গায় আখ ফেলে ২০২৬-২৭ মাড়াই মৌসুম উদ্বোধন করেন।
দীর্ঘ ২১বছর বিরতীর পর আবারো দুলু নাটোর চিনিকলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন। এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলার আয়োজনে বঙ্গজ্জ্বল রাজবাড়ী   আনন্দ ভবনে  শারদীয় দূর্গাপূজা পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে বাংলাদেশী হিসেবে মিলেমিশে বসবাস করি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমাদের মধ্যে কোনো বৈষম্য নাই। আমরা সবাই সমান। আমাদের ধর্ম যার যার কিন্তু বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ।
দুলু বলেন, আমাদের ঠিকানা বাংলাদেশ। আমাদের অস্তিত্ব বাংলাদেশ। বাংলাদেশ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব । আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই বাংলাদেশী। এই পরিচয় নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলা সভাপতি তপন চৌধুরি হাবু  ও সাধারন সম্পাদক সুজিত ঘোষ প্রমুখ।