
মাকসুদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি– চার দেয়ালের কোনো শ্রেণিকক্ষ নেই, নেই প্রথাগত ব্ল্যাকবোর্ড বা বেঞ্চ। অথচ খোলা আকাশের নিচে ফসলের মাঠকেই মূল শিক্ষাকেন্দ্র বানিয়ে বই-খাতা হাতে গভীর মনোযোগে পড়াশোনা করছেন একদল প্রান্তিক কৃষক-কৃষাণী। ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বানিয়াকান্দর গ্রামে এমনই এক ব্যতিক্রমী ‘পার্টনার ফিল্ড স্কুল’ (Partner Field School) বা মাঠপাঠশালার আয়োজন করা হয়েছে। কৃষি বিভাগের এই যুগোপযোগী উদ্যোগের ফলে স্থানীয় কৃষি ও চাষাবাদ পদ্ধতিতে এক নীরব বিপ্লব ঘটছে। এলাকা সমাজ ও সচেতন মহলের তথ্য মতে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মোট ১০ সপ্তাহ ব্যাপী এই বিশেষ মাঠপাঠশালার ক্লাস অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের অধীনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স’ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস এই মাঠপাঠশালার আয়োজন করে। এই স্কুলের মূল লক্ষ্য হলো—কৃষকদের সনাতন অভিজ্ঞতার সঙ্গে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে স্বল্প খরচে বিষমুক্ত নিরাপদ খাদ্য ও অধিক ফসল উৎপাদন নিশ্চিত করা।
সরেজমিনে বানিয়াকান্দর গ্রামের মাঠপাঠশালায় গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সের নারী ও পুরুষ কৃষকরা অত্যন্ত আগ্রহ নিয়ে কৃষি কর্মকর্তাদের কথা শুনছেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো খাতায় টুকে নিচ্ছেন। এখানে মূলত মাটির স্বাস্থ্য রক্ষা, সুষম সারের ব্যবহার, মানসম্মত বীজ নির্বাচন, আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ এবং ক্ষতিকারক কীটনাশক বর্জন করে সমন্বিত বালাই দমন (IPM) পদ্ধতি হাতে-কলমে শেখানো হচ্ছে।
মাঠপাঠশালায় অংশ নেওয়া স্থানীয় বানিয়াকান্দর গ্রামের কৃষক রিংকু হোসেন জানান, “আগে আমরা রাসায়নিক কীটনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন ছিলাম না এবং আন্দাজে বিষ ব্যবহার করতাম। কিন্তু এই স্কুলে আসার পর আমরা নিজেরা জৈব সার তৈরি করা শিখেছি। কৃষিতে জৈব সার তৈরি করে ফসলের ফলন বৃদ্ধি সহ বিষমুক্ত ফসল উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কিছু ওই শেখানো হচ্ছে, যা আমরা এই আধুনিক যুগেও জানতাম না। এখন আমরা পরিবেশবান্ধব উপায়ে চাষাবাদ করতে পারছি।”
এই স্কুলের ফলে নারী কৃষাণীরাও পিছিয়ে নেই। অংশ নেওয়া স্থানীয় কৃষাণী নাজমা বেগম জানান, “আমি ২ বিঘা জমিতে সবজি চাষ করে থাকি। এখানে প্রশিক্ষণ নেওয়ার আগে জৈব সার তৈরি ও এর সঠিক ব্যবহার সম্পর্কে কিছুই জানতাম না। আমাদের এলাকায় পেয়ারা সহ বিভিন্ন ফলের চাষ হয়ে থাকে। ঝিনাইদহ শহরের পাশে হওয়ায় এখানকার উৎপাদিত ফসলের চাহিদাও বেশ ভালো। এবার আমরা বিষমুক্ত এবং কেমিক্যালমুক্ত ফল ও সবজি চাষ করতে পারবো।” অন্যান্য নারী কৃষাণীরাও জানান, বাড়ির পাশের খালি জায়গায় চাষাবাদের কৌশল রপ্ত করে তারা নিজেদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়ের পথও তৈরি করছেন।
এই উদ্যোগের বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, “শুধুমাত্র ভালো বীজ বা উর্বর মাটিই অধিক ফলনের জন্য যথেষ্ট নয়, কৃষকের সঠিক জ্ঞান ও দক্ষতা থাকা অত্যন্ত জরুরি। আমরা প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছি। কৃষকদের ব্যবহারিক অভিজ্ঞতা ও বিজ্ঞানের এই সমন্বয় আমাদের কৃষি খাতকে আরও বেশি পরিবেশবান্ধব, পুষ্টিসমৃদ্ধ এবং লাভজনক করে তুলবে।”
বানিয়াকান্দর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহানারা খাতুন এবং এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউটের (ATI) শিক্ষার্থীরাও এই মাঠপাঠশালা পরিচালনায় সরাসরি ভূমিকা রাখছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, দেশের প্রতিটি গ্রাম পর্যায়ে এই ধরনের পার্টনার ফিল্ড স্কুল ছড়িয়ে দেওয়া সম্ভব হলে তা জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং গ্রামীণ অর্থনীতি বদলে দিতে এক যুগান্তকারী ভূমিকা রাখবে।