👁 226 Views

সাবেক ভাইস চেয়ারম্যানের নামে অপপ্রচার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নাশকতা ঠেকাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় বিএনপির কর্মী জাহাঙ্গীর আলম ও ওয়ার্ড জামায়াতের কর্মী আমিনার রহমানের নামে পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের অভিযোগ উঠেছে।
এদিকে জমি নিয়ে বিরোধের জেরে মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচারসহ মানববন্ধন করা হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান।
মঙ্গলবার(১০নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে এবিএম আখতারুজ্জামান শাহজাহান জানান, চলতি নভেম্বর মাসের শুরুর দিকে নাশকতা প্রতিরোধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানা পুলিশ। ওই মামলায় জাহাঙ্গীর আলম ও আমিনার রহমানের নাম অন্তর্ভুক্ত করেছে পুলিশ।
তবে দীর্ঘদিন ধরে চলা জমি নিয়ে বিরোধের জেরে মামলার আসামিরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে পরিবারের সদস্যদের নিয়ে মানববন্ধন করেছেন। মামলাটিকে ভিন্ন খাতে পরিকল্পিতভাবে এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি তার।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দলটির কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। অথচ এখন রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে এবিএম আখতারুজ্জামান শাহজাহান তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
অবিলম্বে এসব অপপ্রচার বন্ধ না হলে পরিবারের সদস্যদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সাবেক এই জনপ্রতিনিধি।