
পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলায় বহুল প্রতীক্ষিত ‘পটিয়া মিনি স্টেডিয়াম’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা, জলুয়ার দীঘিরপাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, “বর্তমান সরকার দেশের প্রতিটি অঞ্চলে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে অত্যন্ত আন্তরিক। এই স্বপ্নের প্রকল্প বাস্তবায়নে যারা নিরলসভাবে কাজ করেছেন এবং যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই ভিত্তিপ্রস্তর স্থাপন সম্ভব হয়েছে, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলার বিকল্প নেই। এই স্টেডিয়ামটি আমাদের যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও শৃঙ্খল জীবন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
প্রতিমন্ত্রী বলেন, “এই স্টেডিয়াম শুধু পটিয়ার নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে। এখানে অনুশীলনের সুযোগ পেয়ে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে উঠবে, যারা দেশের জন্য গৌরব বয়ে আনবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এই মিনি স্টেডিয়াম বাস্তবায়িত হলে পটিয়ার তরুণ-যুবকদের জন্য আধুনিক ক্রীড়া চর্চার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামে ক্রীড়া উন্নয়ন ও নতুন প্রতিভা বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, পটিয়া মিনি স্টেডিয়াম নির্মিত হলে এ অঞ্চলের ক্রীড়াপ্রেমী তরুণদের জন্য একটি আধুনিক ও মানসম্মত অনুশীলন কেন্দ্র গড়ে উঠবে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।