
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে মাহমুদপুর ইউনিয়নের খাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) দুপুরে খাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষিকারা এই মানববন্ধনের আয়োজন করে। এলাকাবাসী অনতিবিলম্বে প্রধান শিক্ষক শরীফ উদ্দিনের অপসারণ দাবী করেছেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করে জানান, প্রধান শিক্ষক শরীফ উদ্দিন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। কোন বিষয়ে জানতে চাইলে কথা না বলে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। বিভিন্ন সময় বিদ্যালয়ের অনুদানের টাকা পেলে তা কোন কাজ না করেই নিজে আত্মসাত করেন। এছাড়াও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না হয়ে বিভিন্ন অজুহাতে নিজের ব্যক্তিগত কাজে সময় পার করেন। এসব কর্মকান্ডের বিষয়ে কোন অভিভাবক প্রতিবাদ করতে গেলে তাকেও হেনস্থা করার অভিযোগ করা হয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষক শরীফ উদ্দিনের এসব কর্মকান্ডের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছেন ভোক্তভোগী এলাকাবাসী ও সহকারী শিক্ষকগণ।
বিদ্যালয়ের সহাকরী শিক্ষক মানসুরা বলেন, প্রতিনিয়ত আমাদের হেনস্থা করেন প্রধান শিক্ষক শরীফ উদ্দিন। তার নিকট থেকে আমাদের কোন বিষয়ে তিনি সহযোগীতা করেন না। তিনি শুধু প্রধান শিক্ষকের কর্তৃত্ব ফলানো চেষ্টা করেন। তিনি বিভিন্ন অনুদানের টাকা সঠিক ভাবে কাজ করেন না।
স্থানীয় জাহিদুল মাস্টার জানান, প্রধান শিক্ষক তার সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অশালীন আচরণ করেন। এছাড়াও সে দীর্ঘদিন থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছে। সে কোন কিছুই তোয়াক্কা না করে বিভিন্ন অনুদানের টাকা নিজের মত করে খরচ করে ভাউচার তৈরি করেন। সে কোন অভিভাবক ও স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিদের না জানিয়ে ম্যানেজিং কমিটি গঠনের পায়তারা করছেন। একমাত্র প্রধান শিক্ষকের আচরনের কারনেই বিদ্যালয়টিতে কোন শিক্ষার্থী ভর্তি হতে চায় না। এছাড়াও বিদ্যালয়ের ৪টি সিলিং ফ্যান সে নিয়ম বহির্ভুতভাবে বাড়ীতে নিয়ে গেছেন।
আলতাফুর রহমান বলেন, শরীফ উদ্দিনের অদক্ষতার কারণে খাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ধ্বংসের দারপ্রান্তে। তিনি ইচ্ছামত বিদ্যালয়ের গাছ কেটে বাড়িতে নিয়ে যান। বিদ্যালয়ের মাঠ থেকে মাটি তুলে বাড়ীতে নিয়ে গেছেন; যা অনেকেই দেখেছেন। শরীফ উদ্দিনের হাত থেকে বিদ্যালয়টি রক্ষা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন থেকে শরীফ উদ্দিন তার সহকর্মীদের সাথে অসদারচণ করে আসছেন। উনাকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে। কিন্ত তিনি সংশোধন হননি। তার বিরুদ্ধে উপজেলা ও জেলা পর্যায়ে অভিযোগ দেয়া আছে। শরীফ উদ্দিন একজন দুর্নীতিবাজ লোক। তাকে অপসারণ করা না হলে কোন ভাবেই বিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ তৈরি হবে না।
এবিষয়ে খাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা দাবী করে বলেন, তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেগুলো সব মিথ্যা ও বানোয়াট। বিদ্যালয়ের অনুদানের সকল টাকার হিসাব আছে। আমি কোন দূর্নীতি করি নাই। মাঠ থেকে মাটি উত্তলন করে শহীদ মিনার তৈরি করা হয়েছে। সিলিং ফ্যান হারিয়েছে যার জন্য থানায় জিডি করা আছে। আমাকে হেয় করার জন্যই তারা এই মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করেছে।#