
নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় ক্যানেলের পানিতে ডুবে মো. আরিয়ান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরিয়ান নওগাঁ সদর থানার গাংজোয়াল গ্রামের মো: সজল ইসলাম ও মোছা: আরিফা বেগম দম্পতির ছেলে।
রোববার সকালে উপজেলার খোলাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর মায়ের সঙ্গে নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে খালু বাবু মিয়ার বাড়িতে বেড়াতে আসে আরিয়ান। রোববার সকালে বাড়ির পেছনে খেলাধুলা করার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পাশের ক্যানেলের পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় এক ব্যক্তি ক্যানেলের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।